গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের গাছা থানার বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন মিয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন এলাকাবাসীর নারীরা। রবিবার সন্ধ্যা প্রায় ৮টায় গাছা থানাধীন ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের মেম্বারবাড়ী রোড এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঝাড়ু হাতে মিছিলকারীরা শাহিন মিয়ার গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও দলীয় পদ থেকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে আন্দোলনকারীরা মেম্বারবাড়ী রোডে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।
বিক্ষোভরত নারীরা অভিযোগ করেন, মোঃ শাহিন মিয়া দীর্ঘদিন ধরে পুরো এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী মাদক ব্যবসা, চাঁদাবাজি ও লুটপাটসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে।
তারা আরও জানান, গত শনিবার শাহিন মিয়ার নেতৃত্বে একটি বাড়িতে হামলা চালানো হয় বাসায় সামনে থাকা সিটি টিভি ক্যামেরা ভাঙচুর করা হয়। একই দিনে একটি দোকানে হামলা করে নগদ এক লক্ষ ২০ হাজার টাকা, ৯ টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ১৩ বাটন মোবাইল লুট করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে।
আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, শাহিনের সঙ্গে চলাফেরা বা তার অবৈধ কর্মকাণ্ডে যুক্ত হতে অস্বীকৃতি জানালে নির্যাতনের শিকার হতে হয়। এমনই এক ঘটনায় এক যুবককে বেধড়ক মারধর করা হয় এবং পরে শাহিনের সন্ত্রাসী বাহিনী দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এই কুপিয়ে আহত করার ঘটনায় শাহিন মিয়ার বিরুদ্ধে গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তারা।
বিক্ষোভে অংশ নেওয়া নারীরা আরও অভিযোগ করেন, শাহিন মিয়া অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন ঠ সহযোগী হিসেবে কাজ করতেন। তবে গত ৫ আগস্টের পর থেকে তিনি নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
নারীরা জানান, নিরীহ ও অসহায় মানুষদের বিভিন্নভাবে ফাঁসিয়ে মিথ্যা মামলায় জড়ানো হয়। পাশাপাশি গার্মেন্টসে কর্মরত নারীদের রাস্তায় চলাচলের সময় ইভটিজিংয়ের ঘটনাও ঘটছে, ফলে পুরো এলাকায় নারী সমাজের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এক নারী আন্দোলনকারী অভিযোগ করে বলেন, তার স্বামী শাহিনের সঙ্গে চলাফেরা না করায় উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক মামলায় তাকে জেলে পাঠানো হয়েছে।
বিক্ষোভ শেষে আন্দোলনরত নারীরা মোঃ শাহিন মিয়াকে অবিলম্বে গ্রেপ্তার, বিএনপির দলীয় পদ থেকে স্থায়ী বহিষ্কার এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।


